২৬ বছর পর মধুখালীতে খুঁজে পাওয়া গেল হারিয়ে যাওয়া আলী হোসেনকে
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ থেকে ২৬ বছর আগে হারিয়ে যাওয়া আলী হোসেনকে (নুর আলম) অবশেষে খুঁজে পেয়েছে তাঁর পরিবার। দীর্ঘ আড়াই দশক ধরে ফরিদপুরের মধুখালীতে পরিচয়হীনভাবে জীবন কাটিয়েছেন তিনি। এক সাংবাদিকের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি আবেগঘন পোস্টের সূত্র ধরে তাঁর সন্ধান পায় পরিবার। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ ২৬ বছর পর পরিবারের কাছে ফিরলেন ময়মনসিংহের মো. আলী হোসেন ওরফে নুর আলম। মানসিক ভারসাম্যহীন অবস্থায় পরিবারের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর ফরিদপুরের মধুখালীতে কেটে যায় তাঁর জীবনের দীর্ঘ সময়। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টের সূত্র ধরে তাঁর খোঁজ পান স্বজনেরা।
আলী হোসেন ময়মনসিংহ সদর উপজেলার পান্ডাপাড়া গ্রামের মো. চাঁন মিয়া ও মোসা. আবেদা খাতুনের ছেলে। প্রায় ২৬ বছর আগে তিনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পথ চলতে চলতে একপর্যায়ে ফরিদপুরের মধুখালীতে পৌঁছান তিনি। তবে নিজের নাম, বাড়ির ঠিকানা কিংবা পরিবারের পরিচয়—কোনোটিই জানাতে পারেননি।
মধুখালীতে দীর্ঘদিন বিভিন্ন হোটেল ও বাসাবাড়িতে বিনা পারিশ্রমিকে শুধু খাবারের বিনিময়ে কাজ করেছেন তিনি। সেখানে অবস্থানের সময় স্থানীয় লোকজন তাঁকে নুর আলম নামে ডাকতে শুরু করেন। একপর্যায়ে এই নামেই পরিচিত হয়ে ওঠেন তিনি।
পরবর্তী সময়ে শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে কাজ ছেড়ে রাস্তায় কিংবা খোলা আকাশের নিচে থাকতে শুরু করেন। মধুখালীর স্থানীয় কয়েকজন দয়াবান মানুষের সহযোগিতায় তাঁর খাবার ও চিকিৎসার ব্যবস্থা চলতে থাকে।
এ বছরের অক্টোবর মাসে সাংবাদিক শাহজাহান হেলাল তাঁর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নুর আলমের ছবি দিয়ে একটি আবেগঘন পোস্ট প্রকাশ করেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায়। এরপর বিভিন্ন স্থান থেকে তাঁর পরিচয় ও পরিবারের বিষয়ে খোঁজ আসতে শুরু করে।
অবশেষে গত ৭ নভেম্বর শনিবার ময়মনসিংহ থেকে একটি পরিবার মধুখালী রেলগেট এলাকায় এসে নুর আলমকে নিজেদের স্বজন বলে দাবি করে। তাঁদের দাবি, ২৫ থেকে ২৬ বছর আগে হারিয়ে যাওয়া মো. আলী হোসেনই বর্তমানে নুর আলম নামে পরিচিত এই ব্যক্তি।
পরিবারের দাবির সত্যতা যাচাইয়ে ময়মনসিংহ সদর উপজেলার ১ নম্বর অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমানের দেওয়া প্রত্যয়নপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে আলী হোসেন ও তাঁর পরিবারের পরিচয় নিশ্চিত করা হয়।
পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান ও মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়ের পরামর্শক্রমে এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে নুর আলমকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় মধুখালী রেলগেট এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর স্বজনকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা সাংবাদিক শাহজাহান হেলালসহ স্থানীয় সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ সদস্য মো. তারিকুল ইসলাম, আলী হোসেনের বড় বোন হোসনেয়ারা বেগম, বড় দুলাভাই মো. আবু বক্কার সরদার, মামাতো ভাই ইমরান মীর, ভাতিজা মজনু মিয়া এবং তাঁর ছেলে মো. মানিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
১০৮ বার পড়া হয়েছে