দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, গাড়ি ভাঙচুর
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ও শোডাউনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা ও একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌরসভার নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার বিকেলে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে পৌরসভার নিউ মার্কেট চত্বরে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক এমএ আউয়াল খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্যসচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর দেবিদ্বার উপজেলা সদরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।
উপজেলা বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অন্যদিকে ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে অপর পক্ষও সমাবেশ শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যায়।
এ সময় সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও অন্য অতিথিরা উপজেলা পরিষদ এলাকা থেকে গাড়িতে করে চলে যাওয়ার পথে কালাচাঁন মার্কেটের সামনে দুই পক্ষ মুখোমুখি হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, এ সময় একটি পক্ষ সংসদ সদস্যের গাড়িতে হাত দিয়ে আঘাত করে এবং আপত্তিকর স্লোগান দেয়। একই সময় গাড়িবহরে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক জিএস এমএ আউয়াল খানের গাড়ি ভাঙচুর করা হয়।
এ বিষয়ে এমএ আউয়াল খান বলেন, ‘আমরা কর্মসূচি শেষ করে ফেরার পথে কালাচাঁন মার্কেটের সামনে তাদের মুখোমুখি হই। এ সময় তারা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরাকে নিয়ে আপত্তিকর স্লোগান দিতে থাকেন। আমাদের নেতাকর্মীরা এ ধরনের স্লোগান দিতে নিষেধ করলে তাঁরা গাড়িবহরে হামলা চালান এবং আমার গাড়ি ভাঙচুর করেন।’
এমএ আউয়াল খানের অভিযোগ, হামলার নেতৃত্বে ছিলেন এএফএম তারেক মুন্সী।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এএফএম তারেক মুন্সী। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনার বিষয়ে আমাদের জানা নেই। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।’
সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, তাঁরা কর্মসূচি শেষ করে শান্তিপূর্ণভাবে ফিরছিলেন। পথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তাঁর ভাষ্য, সাংগঠনিক কর্মসূচিকে কেন্দ্র করে কারও আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে তা জানানো যেত। এভাবে আক্রমণ করা উচিত নয়।
রাশেদা বেগম হীরা আরও বলেন, এ সময় তাঁদের গাড়িগুলোতে আঘাত করা হয় এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নাম ধরে গালাগাল করা হয়। পরে পুলিশ তাঁদের নিরাপত্তা দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরিজ্জামান বলেন, কুমিল্লা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য রাশেদা বেগম হীরা কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। এ সময় এমএ আউয়াল খানের গাড়ির কাচ ভাঙচুর করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁদের নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
১০৬ বার পড়া হয়েছে