রাতে বরগুনায় পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বরগুনা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা থেকে খুলনা পথে চলাচলকারী বিআরটিসির বাসগুলো পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা হয়। প্রতিদিনের মতো গত শনিবারও একটি বাস বরগুনা পুলিশ লাইনের সামনের সড়কে রাখা হয়েছিল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ সময় পুলিশ লাইনের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে তা নেভান। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাসটি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মধ্যরাতে পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
১০৬ বার পড়া হয়েছে