কলাপাড়ায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ২:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ ঘর থেকে খাইরুল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে এই মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নাম খাইরুল। তিনি ওই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে এবং পেশায় একজন মোটরসাইকেলচালক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন বলে দাবি করেছে তাঁর পরিবার।
পরিবারের সদস্যরা জানান, মাদকের কারণে পরিবার ও স্ত্রীর সঙ্গে প্রায়ই খাইরুলের বাগ্বিতণ্ডা ও কলহ হতো। একপর্যায়ে তাঁর স্ত্রী দেড় বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য খাইরুল স্বজনদের চাপ দিচ্ছিলেন।
ঘটনার আগের দিন সন্ধ্যায় খাইরুল তাঁর বাবার কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং না খেয়ে শুয়ে পড়েন। পরের দিন পরিবারের অন্য সদস্যরা কাজের প্রয়োজনে বাইরে গেলে তিনি নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন।
পরবর্তী সময়ে স্বজনরা বাড়িতে ফিরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢোকেন। তখন তাঁকে গোয়ালঘর থেকে আনা দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে কলাপাড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে