নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: এমপি ওয়াহাব
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সঠিক ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ জন্য স্কুল ও কলেজ পর্যায়ে অন্তত এক ঘণ্টার বিশেষ ক্লাস আয়োজনের পরামর্শ দেন তিনি। আজ সকালে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী শাসনের কারণে নতুন প্রজন্ম দেশের প্রকৃত ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। তৎকালীন পাঠ্যপুস্তক থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, স্বাধীনতার ঘোষণা এবং ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো মুছে দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
এমপি আবু ওয়াহাব আকন্দ আরও উল্লেখ করেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত হয়ে শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে রাজনৈতিক দল গঠন করেছিলেন। তাই জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সংস্কৃতি রক্ষায় সকলকে দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষা বদলে গেছে। এখন মানুষ শুধু প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে অধিকার পাওয়ার প্রতিফলন দেখতে চায়। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে সাধারণ নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১২০ বার পড়া হয়েছে