ময়মনসিংহে বসতবাড়ি ভেঙে জমি দখলের অভিযোগ
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্রয়সূত্রে প্রাপ্ত জমি থেকে এক প্রবাসী পরিবারকে জোরপূর্বক উচ্ছেদের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও জমি উদ্ধারে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগে জানা যায়, ঈশ্বরগঞ্জের নিজপুবাইল এলাকার বাসিন্দা মোঃ এমদাদুল ইসলাম কমল এবং তার পরিবার দীর্ঘদিন ধরে দত্তপাড়া মৌজায় নিজেদের কেনা ৭ শতাংশ জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। বৈধ দলিল, নামজারি ও পৌরসভার কর পরিশোধ সাপেক্ষে তারা দীর্ঘদিন ধরে ওই জমিতে অবস্থান করছিলেন।
অভিযোগ মতে, সম্প্রতি একদল ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এবং এক্সকাভেটর নিয়ে হঠাৎ তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা মুহূর্তের মধ্যে পাকা ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় এবং ঘরের ইট, বালু ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্তরা।
ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী পারভীন জানান, কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা ভিটামাটি থেকে তাদের জোর করে বের করে দেওয়া হয়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা এখন চরম নিরাপত্তাহীনতা ও মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।
এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা মুঠোফোনের সংযোগ কেটে দেন। স্থানীয় অধিবাসীদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি প্রভাবশালী গোষ্ঠী এই অন্যায় দখলদারিত্ব চালিয়েছে। পুলিশ ও প্রশাসন দ্রুত তদন্ত করে জমি পুনরুদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।
১০৯ বার পড়া হয়েছে