মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১০:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে নতুন প্রজন্মে দেশপ্রেম সঞ্চারের ওপর গুরুত্বারোপ করেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ প্রধান মোঃ মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার এবং মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন খান পটু।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগকে জাতির শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা ও রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং সংগ্রামের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। এতে অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, কৃষি ও মৎস্য দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
১৩৬ বার পড়া হয়েছে