সর্বশেষ

সারাদেশ

COP31-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বান্দরবানের তহীদুল

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)-এ বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নিচ্ছেন বান্দরবানের তরুণ পরিবেশ ও জলবায়ু সংগঠক মো. তহীদুল ইসলাম মাছুম। তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে সরকারি প্রতিনিধিদলের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, পরিবেশবিজ্ঞানী, গবেষক, উন্নয়নকর্মী ও তরুণ জলবায়ু সংগঠকেরা অংশ নেবেন।

তহীদুল ইসলাম মাছুম বর্তমানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও প্রযুক্তিগত উদ্ভাবনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশনের (সার্টি) সদস্যসচিব হিসেবেও কাজ করছেন তিনি। এ ছাড়া তিনি গ্লোবাল ইয়ুথ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা।

দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, তরুণ নেতৃত্ব ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছেন তহীদুল। এবারের সম্মেলনে তাঁর অন্যতম লক্ষ্য আন্তর্জাতিক পরিসরে পার্বত্য চট্টগ্রামের জলবায়ু ও পরিবেশগত সংকট তুলে ধরা।

সম্মেলনে পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, সুপেয় পানির সংকট, ঝরনা ও প্রাকৃতিক পানির উৎস শুকিয়ে যাওয়া, ভূমিধস ও আকস্মিক বন্যার মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাঁর। একই সঙ্গে বন ও জীববৈচিত্র্যের ক্ষতি, পাহাড়ি জনগোষ্ঠীর জীবিকা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করবেন তিনি।

এ ছাড়া জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, অভিযোজন অর্থায়ন এবং জলবায়ু মোকাবিলায় তরুণদের কার্যকর অংশগ্রহণের বিষয়েও আন্তর্জাতিক নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন তহীদুল ইসলাম মাছুম।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কপ-৩১ সম্মেলনে তাঁর অংশগ্রহণ পার্বত্য চট্টগ্রামের পরিবেশগত সংকট ও স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। বিশেষ করে দেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের বাস্তব সমস্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তাঁদের প্রত্যাশা বৈশ্বিক নীতিনির্ধারণী আলোচনায় স্থান পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০