জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন বান্দরবানের এপেক্স ক্লাব অব সাঙ্গু
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১০:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বিভিন্ন জেলার প্রতিদ্বন্দ্বী দলকে পেছনে ফেলে জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবানের এপেক্স ক্লাব অব সাঙ্গু। যুক্তি, তথ্যনির্ভর উপস্থাপনা ও সাবলীল বক্তৃতার মাধ্যমে ‘অ্যাপেক্স বাংলাদেশ ন্যাশনাল ইন্টার ক্লাব ডিবেট কম্পিটিশন ২০২৬’-এর শিরোপা জিতে নিয়েছে ডিস্ট্রিক্ট-৩-এর অন্তর্ভুক্ত দলটি। এ সাফল্যে জাতীয় পর্যায়ে বান্দরবানের তরুণদের মেধা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় মিলেছে।
জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় সেরা হওয়ার গৌরব অর্জন করেছে বান্দরবানের এপেক্স ক্লাব অব সাঙ্গু। গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকার গুলশান-২ এলাকার বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘অ্যাপেক্স বাংলাদেশ ন্যাশনাল ইন্টার ক্লাব ডিবেট কম্পিটিশন ২০২৬’ শীর্ষক এ আয়োজনে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাছাই করা ও চ্যাম্পিয়ন দলগুলো অংশ নেয়। ঢাকা, খুলনা, রংপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের প্রতিযোগীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি হয়ে ওঠে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
প্রতিযোগিতায় যুক্তি, তথ্যনির্ভর বক্তব্য, বুদ্ধিমত্তা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিচারকদের নজর কাড়ে ডিস্ট্রিক্ট-৩-এর এপেক্স ক্লাব অব সাঙ্গু। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শেষ পর্যন্ত জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা নিজেদের করে নেয় দলটি।
বিজয়ী দলের নেতৃত্ব দেন অ্যাপেক্সিয়ান মিজানুর রহমান মিলটন। দলের প্রথম বক্তা ছিলেন অ্যাপেক্সিয়ান সুজন দে এবং দ্বিতীয় বক্তা ছিলেন অ্যাপেক্সিয়ান মো. ইয়াছিন আরাফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান মো. নুরুল আমিন চৌধুরী আরমান এবং সদ্য সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না। প্রতিযোগিতায় সভাপতিত্ব ও সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ন্যাশনাল ইয়ুথ অ্যান্ড সিটিজেনশিপ ডিরেক্টর অ্যাপেক্সিয়ান মুস্তফা মো. নুরুল মতিন (সৈকত)।
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানিয়ে দলের দ্বিতীয় বক্তা অ্যাপেক্সিয়ান মো. ইয়াছিন আরাফাত বলেন, সারা দেশের সেরা বিতর্ক দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এ অর্জন তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এ সাফল্য শুধু দলের নয়, বরং পুরো এপেক্স ক্লাব অব সাঙ্গু, ডিস্ট্রিক্ট-৩ এবং বান্দরবানবাসীর অর্জন।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ তথ্য, যুক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপনের চেষ্টা করেছেন তাঁরা। বিচারকদের রায়ে সেই প্রচেষ্টা সফল হয়েছে। এ অর্জন ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
প্রধান অতিথি অ্যাপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান নাসিম আহমেদ বিজয়ী দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, যুক্তিনির্ভর ও সচেতন সমাজ গঠনে বিতর্কের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মের চিন্তাশক্তি, নেতৃত্বগুণ ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়াতে অ্যাপেক্স বাংলাদেশ এ ধরনের জাতীয় আয়োজন অব্যাহত রাখবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
এপেক্স ক্লাব অব সাঙ্গুর এ সাফল্যে বান্দরবানের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় অ্যাপেক্সিয়ানদের মতে, এ অর্জন কেবল একটি প্রতিযোগিতায় জয় নয়; জাতীয় পর্যায়ে বান্দরবানের তরুণদের মেধা, যোগ্যতা ও নেতৃত্বের সক্ষমতার স্বীকৃতি।
১১৯ বার পড়া হয়েছে