ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও সঠিক ইতিহাস তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। কর্মসূচির শুরুতে ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য নিয়ে এক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচকরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক এই দিবসের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জাতীয় চেতনা জাগ্রত করতে শিক্ষক ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।
পরবর্তীতে বিপ্লব ও সংহতি দিবসের ওপর আয়োজিত বিশেষ রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। সমাপনী বক্তব্যে প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন ইতিহাস চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে মসিকের কর্মকর্তা-কর্মচারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১১০ বার পড়া হয়েছে