সর্বশেষ

খেলা

সমালোচনার জবাব দিলেন হৃদয়, ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
মিরপুর টেস্টে আউট হওয়ার ধরন নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তাওহিদ হৃদয়। তবে সেই সমালোচনার জবাব দিতে খুব বেশি সময় নিলেন না বাংলাদেশের এই ব্যাটার। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।

মিরপুর টেস্টে দুই ইনিংসেই দলের প্রয়োজনের মুহূর্তে দায়িত্বজ্ঞানহীন শটে আউট হয়ে সমালোচিত হয়েছিলেন তাওহিদ হৃদয়। এবার সিলেট টেস্টে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তিনি। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেই তুলে নিলেন প্রথম শতকের দেখা।

শনিবার ইনিংসের ৬৯তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজের বল লেগ সাইডে ঠেলে এক রান নিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান হৃদয়। ১৭১ বলে পাওয়া তাঁর এই সেঞ্চুরি সাজানো ১১টি চার ও একটি ছক্কায়।

ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক পূর্ণ করেও উদযাপনে বাড়তি কোনো উচ্ছ্বাস দেখাননি হৃদয়। ব্যাটের হাতলে হেলমেট রেখে ব্যাট উঁচিয়ে ধরেন। এরপর সিজদা করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হৃদয়ের সেঞ্চুরির পরই মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ। তখন দলের সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে এখনো ১৫১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকেরা। হৃদয়ের সঙ্গে অপর প্রান্তে ১ রান নিয়ে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।

বাংলাদেশের ইনিংসে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন হৃদয়। একের পর এক সতীর্থ সাজঘরে ফিরলেও দলের হাল ছাড়েননি তিনি। তাঁর সামনে থেকে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞ ব্যাটাররা।

মুশফিকুর রহিম ৩৪, লিটন দাস ৮ এবং মেহেদী হাসান মিরাজ ১৬ রান করে আউট হয়েছেন। অন্যদিকে বাংলাদেশের ব্যাটারদের চাপে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। বাংলাদেশের পতন হওয়া সাত উইকেটের মধ্যে তিনটি শিকার করেছেন তিনি।

এর আগে তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল বাংলাদেশের ৩ উইকেটে ৮৮ রান নিয়ে। লক্ষ্য ছিল বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে ফেরা। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এমন পরিস্থিতিতে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান হৃদয়। শেষ পর্যন্ত তাঁর ব্যাট থেকেই আসে দলের জন্য গুরুত্বপূর্ণ একটি শতক। সমালোচনার পর ব্যাট হাতে এমন জবাব নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে এই তরুণ ব্যাটারের।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০