সর্বশেষ

সারাদেশ

সাতকানিয়ায় পুকুরে মাদ্রাসার শিক্ষাসফরের বাস, নিহত ২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস। এ দুর্ঘটনায় মাদ্রাসার এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকা অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে বুড়িচংয়ের বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাঁরা শিক্ষাসফরের অংশ হিসেবে কক্সবাজার যাচ্ছিলেন। একই সফরে অংশ নেওয়া অন্য একটি বাসের যাত্রীরা এ তথ্য জানিয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের একটি ইটভাটার শ্রমিকেরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। পরে আহত ব্যক্তিদের কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। তাঁদের মতে, দুর্ঘটনা কমাতে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০