গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির ওপর জোর দিচ্ছে সরকার। আগামী গ্রীষ্মের পূর্বেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী জানান, বিগত আট মাসে দেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে সরকার প্রায় ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করেছে। বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি ও যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র রূপ নিয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিকল্প নেই।
তিনি আরও উল্লেখ করেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষি অর্থনীতির অগ্রগতি সচল রাখা সহজ হবে। এ জন্য ব্যক্তিপর্যায়ে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর আহ্বান জানান মন্ত্রী।
ব্যক্তি উদ্যোগে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে বলে ঘোষণা দেন তিনি। এ সংক্রান্ত নীতি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী জেলার এই কর্মসূচিতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
১২৭ বার পড়া হয়েছে