সর্বশেষ

সারাদেশ

মোংলা বন্দরে চীনা বিনিয়োগের নতুন দিগন্ত: ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির সমঝোতা স্মারক

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইনভেস্ট বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ চুক্তির মাধ্যমে দেশে চীনা বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আগে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন। অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, নৌপরিবহনমন্ত্রী শেখ রাবিউল আলম এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা উপস্থিত ছিলেন। সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লি চংইয়াং প্রতিষ্ঠানটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, সিআরসিসি ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগকারী হিসেবে কাজ করবে। অন্যদিকে, ইনভেস্ট বাংলাদেশ বিনিয়োগ সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

চুক্তিতে অবকাঠামো উন্নয়ন, শিল্প বিনিয়োগ, জ্বালানি, সরবরাহ ও পরিবহন ব্যবস্থা, বন্দর উন্নয়ন, উৎপাদনশিল্প, পরিবেশ ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পরামর্শক সেবা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানে বিনিয়োগসহ মোট ১৪টি সহযোগিতার ক্ষেত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।

দেশে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ বাড়ানো, অবকাঠামো উন্নয়ন এবং শিল্পায়নের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার সরকারি লক্ষ্যের সঙ্গে এ উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনেও এ সমঝোতা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

২০২৬ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিআরসিসির চেয়ারম্যানের মধ্যে হওয়া ঐকমত্যের ধারাবাহিকতা হিসেবেও এ চুক্তিকে দেখা হচ্ছে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে, বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০