রজনীকান্তের নায়িকা শ্রীলীলা, বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘ধর্মন’-এ নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী শ্রীলীলা। দুই তারকার বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর। নতুন এই জুটি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
দক্ষিণী সিনেমা ‘ধর্মন’ পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রজনীকান্ত ও পরিচালক অশ্বথ মারিমুথু। একই ছবিতে প্রথমবারের মতো রজনীকান্তের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন শ্রীলীলা।
সিনেমাটিতে শ্রীীললার উপস্থিতির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ভিডিওটির মাধ্যমে অভিনেত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও ‘ধর্মন’-এ অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্না। সিনেমাটির প্রথম প্রচার ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে নানা আলোচনা চলছে।
রজনীকান্তের চরিত্র নিয়ে রহস্য
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ‘ধর্মন’-এ একজন চিকিৎসকের চরিত্রে দেখা যেতে পারে রজনীকান্তকে। তবে চরিত্রটির পরিচয় দিতে গিয়ে নির্মাতারা ব্যবহার করেছেন ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ। তামিল এই শব্দের অর্থ ‘খারাপ মানুষ’। ফলে চরিত্রটি নেতিবাচক বৈশিষ্ট্যের হতে পারে বলে ধারণা করছেন অনেকে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দক্ষিণী সিনেমায় ব্যস্ত শ্রীলীলা
দক্ষিণ ভারতের চলচ্চিত্রে শ্রীীললার ব্যস্ততা ক্রমেই বাড়ছে। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এরপর একাধিক বড় বাজেটের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী।
ধনুষ ও মমুটী অভিনীত আসন্ন ‘ওম’ সিনেমায় ধনুষের স্ত্রীর চরিত্র রোজা হিসেবে দেখা যাবে শ্রীীললাকে। পাশাপাশি অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ সিনেমাতেও যুক্ত হয়েছেন তিনি।
সংগীতে অনিরুদ্ধ, মুক্তি ২০২৭ সালে
‘ধর্মন’ সিনেমার সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে রজনীকান্ত অভিনীত ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টৈয়ন’ ও ‘কুলি’ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন তিনি। ফলে নতুন এই সিনেমায় তাঁদের যৌথ কাজ নিয়েও সংগীতপ্রেমীদের আগ্রহ রয়েছে।
এখনো ‘ধর্মন’-এর মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।
১৩৯ বার পড়া হয়েছে