পটুয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মির্জাগঞ্জে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামের এক দশম শ্রেণির স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে মাত্র দুইশত গজ দূরের একটি বাগানের ডোবা থেকে তাঁর নিথর দেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ইসরাত জাহান যুথি উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের মো. জামাল হাওলাদারের কন্যা। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল নয়টার দিকে স্কুলের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিল সে। পরীক্ষা শেষে বাড়ি না ফেরায় স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে নিখোঁজ মেয়ের সন্ধানে বের হয়ে জামাল হাওলাদার বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি গ্রামীণ সড়কের পাশে মেয়ের জুতা দেখতে পান। সেই সূত্র ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাগানের ভেতরের একটি ডোবায় যুথির মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন তিনি। পরে খবর পেয়ে মির্জাগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ঘটনার বিবরণ নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, পুলিশ, পিবিআই এবং সিআইডি যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
১১৪ বার পড়া হয়েছে