নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৫:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে সীমানা বিরোধের জেরে হাসানুর শেখ (৫২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার বয়রা গ্রামে ঘটে যাওয়া এ হামলায় নিহতের ছেলে হাসিবুল শেখও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিবেশীরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপণ করেছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরদিন সকালে হাসানুরের স্ত্রী সাহেরা বেগম চারাগুলোতে পানি দিতে গেলে প্রতিবেশী মামুন শেখ ও তার পরিবারের সদস্যরা এতে বাধা দেন। গাছগুলো বড় হলে তাদের বসতবাড়িতে ছায়া পড়বে—এমন দাবি তুলে তারা গালিগালাজ শুরু করেন।
একপর্যায়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করলে ভুক্তভোগী ও তার পরিবার প্রতিবাদ জানান। অভিযোগ রয়েছে, তখন প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক কুপিয়ে জখম করে। পরবর্তীতে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
১১৬ বার পড়া হয়েছে