বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে তাঁদের প্রত্যাবাসন করা হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের নাগরিক রয়েছেন ৪৫ জন।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসন করা ১৮২ জনের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিক। দেশটির ৮৫ জনকে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশের ৪৫, মিয়ানমারের ২৫, পাকিস্তানের ১৫, ভারত, থাইল্যান্ড ও কম্বোডিয়ার ৩ জন করে, শ্রীলঙ্কার ২ এবং চীনের ১ জন নাগরিক রয়েছেন।
বিমানবন্দর দিয়ে প্রত্যাবাসন
অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
ফেরত পাঠানো ব্যক্তিদের অধিকাংশের বৈধ পাসপোর্ট ছিল। তবে যাঁদের পাসপোর্ট ছিল না, তাঁদের কয়েকজনকে নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে জরুরি ভ্রমণ নথি বা ‘ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ দেওয়া হয়। এসব নথির ভিত্তিতে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
কালো তালিকাভুক্ত প্রত্যাবাসিত ব্যক্তিরা
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নিষেধাজ্ঞার নির্ধারিত মেয়াদ অনুযায়ী তাঁরা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিশেষ সেবাকেন্দ্র
আটক ব্যক্তিদের দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে বিশেষ সেবাকেন্দ্র চালু রাখা হয়েছে। এই কেন্দ্র থেকে দেশে ফেরার বিমান টিকিট কেনাসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সেবার জন্য কোনো সেবামূল্য বা অতিরিক্ত চার্জ নেওয়া হয় না।
এ বিষয়ে বিস্তারিত জানতে পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর রেকর্ড ও প্রত্যাবাসন ইউনিটের ০৭-৬৯৯৩৫৪০ নম্বরে যোগাযোগ করতে অথবা অনলাইন অনুসন্ধান ব্যবস্থার মাধ্যমে তথ্য নিতে পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
১৪১ বার পড়া হয়েছে