সর্বশেষ

জাতীয়

আগামী সংসদ অধিবেশনে সৌরবিদ্যুৎ আইন পাস হবে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৭:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার বাড়াতে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই সৌরবিদ্যুৎ আইন পাস করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সৌরবিদ্যুতের সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী। তিনি জানান, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে জ্বালানি ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক এবং সহনীয় পর্যায়ে রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণের জ্বালানি ব্যয়ের চাপ কমাতে প্রয়োজন অনুযায়ী ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা করে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি নির্বাচিত সরকারের দায়িত্ব নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা। যেকোনো পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

জ্বালানি সরবরাহের ঘাটতি মোকাবিলায় আরও ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, দেশের গ্যাসের চাহিদা বিবেচনায় নতুন টার্মিনাল স্থাপন করা হবে। এসব টার্মিনাল গ্যাস সরবরাহের ঘাটতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার ইতোমধ্যে ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি চালু করেছে। এ উদ্যোগের মাধ্যমে বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারে মানুষের আগ্রহ বাড়বে।

তিনি আরও জানান, স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য ইতোমধ্যে ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হয়েছে। সৌরবিদ্যুতের সম্প্রসারণের ফলে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।

সোলার প্যানেলের গুণগত মান নিয়ন্ত্রণের বিষয়ে মন্ত্রী বলেন, দেশের বাজারে সৌরবিদ্যুৎ পণ্যের মান নিশ্চিত করতে সরকার সচেতন ও সক্রিয় রয়েছে। জনস্বার্থ রক্ষায় এ খাতে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

জ্বালানিমন্ত্রী বলেন, উদ্ভূত সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে নাগরিকদের জীবন স্বাভাবিক ও স্বস্তিদায়ক রাখতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০