পঞ্চগড়-কক্সবাজার ও বাংলাবান্ধা রেললাইন নিয়ে জরুরি বার্তা রেল মহাপরিচালকের
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৯:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন জানিয়েছেন, ব্রডগেজ লাইন সম্প্রসারণের পরেই কেবল পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচলের যৌক্তিকতা নিয়ে চিন্তাভাবনা করা হবে। শুক্রবার পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি আরও জানান, দুই দেশের সম্মতির ভিত্তিতে পরবর্তীতে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হতে পারে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনযোগে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছান এবং সেখানকার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি জানান, দেশে সদ্য আনা ১৮টি কোচ দিয়ে আপাতত পঞ্চগড় থেকে একটি নতুন ট্রেন চালুর প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আরও ২০০টি নতুন কোচ এলে পর্যায়ক্রমে তা বিভিন্ন রুটে সংযোজন ও পুরোনো কোচ প্রতিস্থাপনের কাজে ব্যবহার করা হবে।
স্টেশনের অবকাঠামো ও সুযোগ-সুবিধা প্রসঙ্গে মহাপরিচালক বলেন, পঞ্চগড়ে পণ্যের লোডিং ও আনলোডিং সুবিধা যাচাই করতেই এই সফর। স্থানীয় চাহিদা ও যাত্রী সংখ্যা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী ট্র্যাক বা লাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্র প্রসারে দুই প্রতিবেশী দেশের সম্মতি ছাড়া এককভাবে সীমান্ত পর্যন্ত লাইন তৈরি লাভজনক হবে না বলে তিনি উল্লেখ করেন। আন্তর্জাতিক সংযোগ নিশ্চিত হলে এই রুটের বাণিজ্য সম্ভাবনা তৈরি হবে বলে মনে করে কর্তৃপক্ষ।
১২৯ বার পড়া হয়েছে