পরিবারের কাছে ফিরতে চান ৭০ বছরের বৃদ্ধা কুলসুম, সন্ধান চায় সংগঠন
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৯:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় হারিয়ে যাওয়া প্রায় ৭০ বছর বয়সী বৃদ্ধা কুলসুম বেগম নিজের পরিবার ও সন্তানদের কাছে ফিরতে আকুল আকুতি জানিয়েছেন। বর্তমানে স্থানীয় একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের আশ্রয়ে থাকা এই বৃদ্ধা নিজের পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পারলেও ‘ঝিকরগাছা’ নামটি বারবার স্মরণ করছেন। তাঁর পরিবারকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
বৃদ্ধা কুলসুম বেগম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে বর্তমানে অবস্থান করছেন। নিজের সঠিক ঠিকানা হারিয়ে তিনি এতদিন পথপ্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন। তাঁর অসহায় অবস্থার কথা জানতে পেরে ‘পাশে দাঁড়ায়’ নামের একটি স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন তাঁকে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে।
৭০ বছর বয়সী কুলসুম বেগম তাঁর স্বামী ও চার সন্তানের নাম স্পষ্টভাবে বলতে পেরেছেন। তাঁর স্বামীর নাম মোক্তার সিকদার (কুদ্দুস), যিনি পেশায় একজন ধান-চালের ব্যবসায়ী ছিলেন। এছাড়া তাঁর ছেলের নাম ইব্রাহিম এবং তিন মেয়ের নাম যথাক্রমে সুফিয়া, ফিরোজা ও পারুল। দেবর জব্বার, হামিদ ও সত্তারের কথাও স্মরণ করতে পেরেছেন তিনি।
নির্দিষ্ট জেলা বা থানার নাম স্পষ্টভাবে বলতে না পারলেও বৃদ্ধা কুলসুম কেবল ‘ঝিকরগাছা’ নামটি বারবার উচ্চারণ করছেন। স্বজনদের কাছে ফেরার আকুল ইচ্ছা প্রকাশ করা এই বৃদ্ধার পরিবারকে খুঁজে বের করতে সর্বসাধারণের সহায়তা চাওয়া হয়েছে।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি কুলসুম বেগমের পরিবার বা পরিচয় সম্পর্কে তথ্য জেনে থাকেন, তবে ‘পাশে দাঁড়ায়’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইনের (নয়ন) সাথে ০১৭১০৭৮৩২৬৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
১২২ বার পড়া হয়েছে