পাবনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৮:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বিআরটিএ পাবনা সার্কেল ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে দুর্ঘটনাকবলিত পরিবারকে সহায়তা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মোটর মালিক গ্রুপের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে পুলিশ সুপার আবু আশ্রাফ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী আলতাব হোসেন। এছাড়া পরিবহন খাতের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা এতে অংশ নেন।
বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রীদের সচেতন হওয়ার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের জোর দাবি জানান। সভা শেষে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক এবং সেরা চালকের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
১২৫ বার পড়া হয়েছে