মুন্সীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: ৪ চালককে পুরস্কার
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৮:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ ও সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে দুর্ঘটনা মুক্ত সেবা দেওয়ায় ৪ জন পেশাদার চালককে পুরস্কৃত করা হয়।
কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রোড শো ও বৃক্ষরোপণের মাধ্যমে দিবসের সূচনা ঘটে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে 'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
বক্তব্যে জেলা প্রশাসক বিগত সাত মাসে ঢাকা-মাওয়া মহাসড়কে ১১১টি দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু এবং ২৩০ জন আহত হওয়ার তথ্য তুলে ধরেন। তিনি জানান, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং ও চালকদের ক্লান্তির কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা হ্রাসে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে আন্তঃসমন্বয়ের আহ্বান জানানো হয়।
সভায় পরিবহন খাতের শৃঙ্খলা ফেরাতে বাস বে ব্যবহার, ফুটওভারব্রিজ ব্যবহার নিশ্চিত করা এবং চালকদের সুনির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আলোচনা শেষে চারজন দুর্ঘটনামুক্ত পেশাদার চালকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
১২৩ বার পড়া হয়েছে