ইরানে আজই হামলা হতে পারে, জানালেন ট্রাম্প
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরানে আবারও সামরিক হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (আজ) ইরানে হামলা শুরু হতে পারে। তবে তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তিতে রাজি হলে বড় ধরনের সমঝোতার পথও খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছে। এর মধ্যে স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প জানান, রোববারই ইরানে হামলা শুরু হতে পারে। তবে ইরানের সঙ্গে বড় কোনো চুক্তি হলে সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
ইরানে হামলার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা হামলার ব্যাপারে ভাবছি, সম্ভবত আগামীকাল (আজ রোববার) হতে পারে।’
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তিতে সম্মত হলে নতুন করে হামলা থেকে রক্ষা পেতে পারে। তবে ইরান চুক্তি করতে চাইলেও তা মেনে চলার বিষয়ে দেশটির প্রতিশ্রুতি কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘ইরানিরা চুক্তি চায়। কিন্তু সমস্যা হলো, তারা কী চুক্তি মানার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবে?’
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। গত বছরের জুনে বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের ভাষ্য, চলতি বছর তিনি যদি আবারও ইরানে হামলার সিদ্ধান্ত না নিতেন, তাহলে গত বছরের হামলা দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার ক্ষেত্রে যথেষ্ট কার্যকর হতো কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যেত।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগের মতোই তেল সরবরাহ হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিকে সামরিক শক্তি প্রয়োগ করে বাধ্য করা হতে পারে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমার কাজটি হয়তো সম্পন্ন করতে হবে। আর নয়তো তারা হয়তো চুক্তি করবে। কিন্তু আমি নিশ্চিত নই। সামরিক হামলা বা চুক্তি যেভাবেই হোক, আমরা জিতব।’
ট্রাম্পের এসব বক্তব্যে ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা—দুই বিষয়ই সামনে এসেছে। তবে রোববার হামলা চালানো হবে কি না, সে বিষয়ে তাঁর বক্তব্যে চূড়ান্ত সিদ্ধান্তের নিশ্চয়তা পাওয়া যায়নি।
১০৮ বার পড়া হয়েছে