নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি শরীয়তপুরে
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার ৫ ব্যবসায়ী নিহত হয়েছেন। রাজশাহীতে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘আরপি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট ১৪ জন প্রাণ হারান এবং আহত হন অন্তত ৩০ জন। নিহতদের ৫ জন হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার ৫ ব্যবসায়ী।
দুর্ঘটনায় প্রাণ হারানো জাজিরার এই পাঁচ ব্যবসায়ী হলেন— রামকৃষ্ণপুর মাদবরকান্দির জুয়েল মাদবর (৪০), ডুবিসায়বর মোল্যাকান্দির সালাল মোল্যা (৪৬), কাজিরহাটের সোহাগ শিকদার (৩০), সামাদ ফকির (৭০) এবং কাথুরিয়া এলাকার হলুদ ব্যবসায়ী শাহিন বেপারী (৩২)। তাঁরা যৌথভাবে পেঁয়াজ, রসুন, ভুট্টা ও ধনিয়াসহ বিভিন্ন কৃষিপণ্য কিনতে রাজশাহীর তাহেরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন।
জাজিরার কাজিরহাট বাজারে তাঁরা দীর্ঘদিন ধরে কেনাবেচা ও সরবরাহের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। হঠাৎ এই ব্যবসায়ীদের একসঙ্গে অকাল মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী ও স্বজনদের মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ জানান, দুর্ঘটনার বিষয়টি সামাজিক মাধ্যমে জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
১২৯ বার পড়া হয়েছে