মুন্সীগঞ্জে সয়াবিন তেলে কারচুপি: ৭৫ হাজার টাকা জরিমানা, বোতল ধ্বংস
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৬:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর এলাকায় ভোজ্য তেলে পরিমাপে কারচুপি এবং মোড়কজাতকরণ সনদ না থাকায় একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। আজ পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে কম পরিমাপের তেল সরবরাহে ব্যবহৃত বিপুল পরিমাণ বোতল জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানকালে সুখবাসপুরের খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম চিহ্নিত করা হয়। দেখা যায়, প্রতি ৫ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার, ২ লিটারের বোতলে ৫০ মিলিলিটার এবং ১ লিটারের বোতলে ৪০ মিলিলিটার সয়াবিন তেল কম দেওয়া হচ্ছিল। পাশাপাশি নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত অবৈধভাবে পণ্যটি মোড়কজাত ও বিক্রয় করা হচ্ছিল।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক। অভিযানে বিএসটিআই নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা কে. এম. হানিফ, মোঃ রাকিবুল আলম এবং প্রশিকিউটর হিসেবে মোঃ হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্য প্রতিরোধ, পরিমাপে কারচুপি রোধ এবং অবৈধভাবে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের বিরুদ্ধে তাদের এমন নজরদারিমূলক মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
১৪৩ বার পড়া হয়েছে