মুন্সীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা পর্যালোচনায় জেলা প্রশাসক, আর্থিক সহায়তার ঘোষণা
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৬:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মুন্সীগঞ্জের টংগিবাড়ী ও লৌহজং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে উৎসব উদযাপনের আশ্বাস দেওয়ার পাশাপাশি দুটি মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী টংগিবাড়ী উপজেলার বালিগাঁও মনিপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, সোনারং দাসপাড়া শিব ও দুর্গা মন্দির, লৌহজং উপজেলার দক্ষিণ মশদগাঁও রাধাগোবিন্দ ও কালী মন্দির এবং ভারত ফকির সেবাশ্রম সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় টংগিবাড়ীর সোনারং দাসপাড়া মন্দির এবং লৌহজংয়ের দক্ষিণ মশদগাঁও মন্দিরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে উপস্থিত সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
মণ্ডপগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনে বিশেষ কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশের কুইক রেসপন্স টিম (QRT)। কোনো সমস্যা দেখা দিলে অবিলম্বে কন্ট্রোল রুম অথবা কিউআরটিকে অবহিত করার অনুরোধ জানান জেলা ম্যাজিস্ট্রেট।
১৪০ বার পড়া হয়েছে