চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ মতিউর গ্রেপ্তার
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৬:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জামসহ মতিউর রহমান মতি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তাঁর কাছ থেকে ধারালো হাসুয়া ও লোহার রড উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার বারঘোরিয়া-যাদুপুর সড়কের স্লুইজগেট এলাকায় একদল ডাকাত অপরাধ সংগঠনের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত মতিউরকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কান্তা, দুটি রড এবং একটি তালা কাটার বিশেষ যন্ত্র জব্দ করেন অভিযানকারী সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
১০৯ বার পড়া হয়েছে