সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশ স্বাধীন করেছে। এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজও করতে হবে। মঙ্গলবার সকালে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে কাজ করবেন—এটাই হওয়া উচিত সবার প্রত্যাশা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁরা।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং শিগগিরই কৃষক কার্ড চালু করা হবে।
তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের প্রতিটি শ্রেণির খেটে খাওয়া মানুষ এবং বিভিন্ন পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।
এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুরের পাগলাপীরে পৌঁছান প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত সড়কের দুই পাশে ভিড় করেন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। কয়েক কিলোমিটার সড়কজুড়ে উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়।
এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।
১০৭ বার পড়া হয়েছে