পাবনার আওয়ামী লীগের তিন প্রভাবশালী নেতা ঢাকায় গ্রেপ্তার
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পাবনার আওয়ামী লীগের তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা ঢাকায় আত্মগোপনে থেকে নিজ এলাকায় রাজনৈতিক তৎপরতা জোরদারের চেষ্টা চালাচ্ছিলেন।
গ্রেপ্তারকৃত নেতারা হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন এবং ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। সোমবার রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে গ্রেপ্তারকৃত এই তিন নেতা পলাতক ছিলেন। তারা রাজধানী ঢাকায় অবস্থান করে গোপন আস্তানা থেকে নিজ নিজ এলাকার দলীয় কর্মকাণ্ড পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। আটক নেতাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, গ্রেপ্তার আবুল কালাম আজাদ মিন্টু বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় জামিনে মুক্তির পর পুনরায় আত্মগোপনে ছিলেন, তাকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। এছাড়া মকলেছুর রহমান ও শহিদুল ইসলাম রতনের বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে।
১২৩ বার পড়া হয়েছে