সালথা উপজেলা যুবদলের নতুন কমিটি, ১৭ বছর পর আনন্দ মিছিল
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সালথায় দীর্ঘ ১৭ বছর পর উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর রোববার (১৮ অক্টোবর) বিকেলে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
ফরিদপুরের সালথায় দীর্ঘ ১৭ বছর পর উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। নতুন কমিটি ঘিরে তাঁদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সালথা উপজেলা পরিষদের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি সালথা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের পাশে থেকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় মাঠপর্যায়ে কাজ করবে যুবদল। পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দেশ গঠনে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সম্প্রতি ৩৫ সদস্যবিশিষ্ট সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. হাসান আশরাফকে আহ্বায়ক, কামরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. এনায়েত হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর নতুন কমিটি গঠিত হওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের অধীনে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসান আশরাফের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সদস্যসচিব মো. এনায়েত হোসেন। এতে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, মাহফুজুর রহমান খান, সাফিকুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা।
কর্মসূচিতে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পাশাপাশি বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে আনন্দ মিছিল শুরুর আগে নতুন কমিটির নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন আহ্বায়ক মো. হাসান আশরাফ।
কর্মসূচি শেষে নবগঠিত কমিটির নেতারা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
১৮৫ বার পড়া হয়েছে