কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী শিশুর ব্যাগভর্তি মরদেহ উদ্ধার
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের ব্যাগভর্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে নিজ ঘরে শিশু সন্তান রাইয়ানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন রাসেল খান। সে সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে রাসেল ঘুম ভেঙে ঘরে তার ভায়রা আল-আমিনকে দেখতে পান। এর কিছুক্ষণ পরই শিশুটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক বিরোধের জের ধরে আল-আমিন শিশু রাইয়ানকে হত্যা করে লাশ খালে ফেলে দিয়েছেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই কলাপাড়া থানায় আল-আমিনসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে একটি মামলা করেন শিশুটির মা রুমানা বেগম। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দিনই আল-আমিনকে গ্রেপ্তার করে।
শনিবার এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সন্দেহবশত পুলিশে খবর দেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আল-আমিনের বসতবাড়ি সংলগ্ন খাল থেকে ব্যাগভর্তি ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটির গভীর তদন্ত চলছে।
১৬৩ বার পড়া হয়েছে