কলাপাড়ায় শিশু অধিকার সপ্তাহে মেয়েদের হাডুডু ও ছেলেদের ফুটবল প্রতিযোগিতা
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হলো মেয়েদের ঐতিহ্যবাহী হাডুডু এবং ছেলেদের রোমাঞ্চকর ফুটবল প্রতিযোগিতা। শিশুদের জন্য বৈষম্যহীন ও শিশুবান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে এ ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে আভাস ও একশনএইড বাংলাদেশের সহায়তায় এই বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
আভাস-এর প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান এবং লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস। বক্তারা শিশুদের বিকাশ ও সুরক্ষায় এ ধরনের সামাজিক ও শারীরিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন।
প্রতিযোগিতায় প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের হাডুডু খেলায় চম্পাপুর ইউনিয়নের পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়। একই সঙ্গে ছেলেদের ফুটবল খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ট্রাইবেকারে পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় দ্বিগুণ আনন্দ উদযাপনের সুযোগ পায়।
১১০ বার পড়া হয়েছে