সভাপতিকে মারধর: কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহারে পর্যটক প্রবেশ বন্ধ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহারের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিহার পরিচালনা কমিটির সভাপতিকে মারধরের ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিহারটিতে পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে সীমা বৌদ্ধ বিহারের সীমানার ভেতরে পরিবেশ রক্ষার তাগিদে একটি দোকানঘর নির্মাণ করতে যান বিহার কর্তৃপক্ষ। সে সময় স্থানীয় সামসুল আলম ও নাসির হাওলাদার জমি নিজেদের দাবি করে বাধা প্রদান করেন। একপর্যায়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হলে বিহার সভাপতি মংলাচিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এ ঘটনার পরদিন বুধবার দুপুরে বিভিন্ন পাড়ার রাখাইনরা একত্রিত হয়ে বিহার প্রাঙ্গণে একটি জরুরি প্রতিবাদ সভা করেন। উক্ত প্রতিবাদ সভার সিদ্ধান্ত অনুযায়ী, হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত সীমা বৌদ্ধ বিহারে দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরি স্থগিত থাকবে।
বিহারের সভাপতি মংলাচিন জানান, মন্দিরের ভেতরের কিছু জমি ভুলবশত বিএস জরিপে প্রতিপক্ষের নামে রেকর্ডভুক্ত হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে শতবর্ষী এই বিহারের জায়গা দখলের অপচেষ্টা চলছে। অন্যদিকে পটুয়াখালী জেলা রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এই হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মারধর ও জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৭৩ বার পড়া হয়েছে