খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৪:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা ওয়াসার ২ হাজার ৫৯৮ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলামকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার প্রতিষ্ঠানটির ভবনে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনার পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তাকে প্রশ্নবাণে জর্জরিত করা হয়।
দুদক ও ওয়াসা সূত্রে জানা যায়, পানি সরবরাহ প্রকল্প ফেজ-২-এর প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব পালন করছেন রেজাউল ইসলাম। অভিযোগ রয়েছে, অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি এ দায়িত্ব বাগিয়ে নেন। পাশাপাশি একটি প্রভাবশালী মহলকে প্রায় ৯০ কোটি টাকার খালি চেক প্রদান এবং একই গৃহসংযোগের বিপরীতে দ্বিতীয়বার বিল দাখিলের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
অভিযানের বিষয়ে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী জানান, অভিযুক্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট নথি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগটি বর্তমানে সম্পূর্ণ তদন্তাধীন রয়েছে।
তবে সব অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন এবং শোকজের জবাবের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হবে। অন্যদিকে খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ বলেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসা উচিত।
১৯৬ বার পড়া হয়েছে