ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের করুণ মৃত্যু
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নতুন ঘরের দরজায় বিদ্যুতের লিকেজ তার স্পর্শ করায় ঘটনাস্থলেই তাদের প্রাণহানি ঘটে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুরা হলো ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের শাহাবুদ্দিনের দুই মেয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩)। মঙ্গলবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের শাহাবুদ্দিন সম্প্রতি একটি নতুন টিনশেড ঘর নির্মাণ করেন। মঙ্গলবার ওই ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য তার টানা হচ্ছিল। অসাবধানতাবশত তারের একটি লিকেজ অংশ থেকে ঘরের স্টিলের দরজা বিদ্যুতায়িত হয়ে পড়ে। শিশুরা ঘর থেকে বের হওয়ার সময় ওই স্টিলের দরজা স্পর্শ করলে ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে ঢলে পড়ে।
ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
১০৯ বার পড়া হয়েছে