রেলে ২.৬৩ লাখ কোটি টাকা ব্যয়েও উন্নয়ন হয়নি, হয়েছে লুটপাট: শেখ রবিউল আলম
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রেল খাতে বিগত সরকারের আমলে দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, এ খাতে বিপুল অর্থ অপচয় ও লুটপাট হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে রেলওয়ের সক্ষমতা বাড়াতে সরকার নতুন ৮০টি লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার বিকেলে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ যন্ত্রপাতি ও পুরোনো কোচ দিয়ে ট্রেন পরিচালনার ফলে রেলে আধুনিক সেবার সংকট তৈরি হয়েছিল।
রেলওয়ের আধুনিকায়নে নতুন ইঞ্জিন কেনার বিস্তারিত তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৩০টি নতুন লোকোমোটিভ ক্রয়ের দরপত্র সম্পন্ন হয়েছে এবং আরও ৩০টি ক্রয়ের অনুমোদন মিলেছে। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে আরও ৩০টি ইঞ্জিন সংগ্রহের পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হতে দুই থেকে আড়াই বছর সময় লাগতে পারে।
ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলোর রেল যোগাযোগ জোরদার করার পরিকল্পনার কথা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ঢাকা ও উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও যাত্রীবান্ধব করতে সমন্বিত অবকাঠামো গড়ে তোলা হবে। পরিদর্শনের সময় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৩২ বার পড়া হয়েছে