সর্বশেষ

খেলা

নাহিদ রানাকে চিকিৎসায় অস্ট্রেলিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাঁজরের পেশির চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতির মধ্যে নতুন করে কোমরে ব্যথা অনুভব করছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। স্ক্যান করেও নিতম্ব বা কোমরে কোনো চোট শনাক্ত করা যায়নি। এতে উদ্বেগ বেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকদের। ব্যথার প্রকৃত কারণ খুঁজে বের করতে রানাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বাংলাদেশের দ্রুতগতির বোলার নাহিদ রানার মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে। পাঁজরের পেশির চোট থেকে সেরে ওঠার পর নতুন করে কোমরে ব্যথা অনুভব করায় তাঁর ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের ব্যয়বহুল হাসপাতালে স্ক্যান করেও নিতম্ব বা কোমরে কোনো চোটের সন্ধান পাওয়া যায়নি। এতে দুশ্চিন্তায় পড়েছেন বিসিবির চিকিৎসকেরা। ব্যথার কারণ নিশ্চিত হতে না পারায় আপাতত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না তাঁরা।

নাহিদ রানার মতো একজন দ্রুতগতির বোলারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। এ কারণে ব্যথার উৎস শনাক্ত করতে তাঁকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ায় চিকিৎসা নেবেন রানা। তাঁর অস্ট্রেলিয়ার ভিসা থাকায় ক্রিকেট পরিচালনা বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

জিম্বাবুয়ে সফর থেকে পাঁজরের পেশিতে চোট নিয়ে দেশে ফিরেছিলেন রানা। চোটের গভীরতা বেশি হওয়ায় তাঁকে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হয়। বাংলাদেশ টেস্ট দলের অস্ট্রেলিয়া সফরের সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে সেখানে গিয়েছিলেন তিনি। চিকিৎসা ও পুনর্বাসনপ্রক্রিয়া শেষে পুরোপুরি সুস্থ হয়ে বোলিংয়ে ফেরেন এই পেসার।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে রানাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর পরিকল্পনা ছিল নির্বাচকদের। তবে নতুন করে কোমরে ব্যথা অনুভব করায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও নিশ্চিত নন নির্বাচকেরা।

রানার চিকিৎসা হবে অস্ট্রেলিয়ার পার্থে। সেখানে কোচ মোহাম্মদ সেলিম থাকায় চিকিৎসা নেওয়ার বিষয়টি সহজ হবে বলে মনে করছে বিসিবি। পার্থের যে চিকিৎসাকেন্দ্রে তাঁর স্ক্যান করা হবে, গত আগস্টে সেখানেই শিনের হাড়ের চোটের চিকিৎসা নিয়েছিলেন রানা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ জানিয়েছে, চিকিৎসকের সাক্ষাতের সময় নির্ধারিত হলে ২৩ বছর বয়সী এই পেসার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন।

রানাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কারণ ব্যাখ্যা করে বিসিবির কর্মকর্তা শাহরিয়ার নাফীস বলেন, ‘সে প্রকৃতিপ্রদত্ত একজন মেধাবী বোলার। ১৫০ কিলোমিটার গতিতে বল করে। নিয়মিত ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারে। তাঁর মতো দ্রুতগতির বোলার বিশ্ব ক্রিকেটে এ মুহূর্তে নেই। রানার যত্ন নেওয়া বোর্ডের দায়িত্ব। সে কারণে তাঁকে বিদেশে পাঠানো হচ্ছে ব্যথার উৎস খোঁজার জন্য। সমস্যা থাকলে সমাধান হবে, কোনো সমস্যা না থাকলে মাসলের উন্নতির জন্য কাজ হবে।’

এদিকে জাতীয় দলের নির্বাচকেরা আপাতত রানাকে দলের পরিকল্পনার বাইরে রাখতে চান। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে দলে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজি নন তাঁরা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘রানার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। মেডিকেল বিভাগের ছাড়পত্র না পাওয়ায় তাকে নেওয়া হয়নি। আমরা সম্পূর্ণ ফিট নাহিদ রানাকে চাই।’

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০