ফরিদপুর মেডিকেলে বাবুর্চির ভিন্ন দায়িত্ব পালন, দুদকের অভিযানে ধরা
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় মো. জাফর নামের এক সহকারী বাবুর্চিকে ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করতে দেখা যায়। সোমবার সন্ধ্যায় দুদকের অভিযানের সময় এ অসংগতি ধরা পড়ে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের সময় মো. জাফর নামের এক সহকারী বাবুর্চিকে ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করতে দেখা যায়। সোমবার সন্ধ্যায় দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযানে এ বিষয়টি সামনে আসে।
অভিযানের সময় মো. জাফর দুদকের কর্মকর্তাদের জানান, তিনি হাসপাতালের সহকারী বাবুর্চি। তবে তাঁকে ওয়ার্ড বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সকালে তিনি সেখানে দায়িত্ব পালন করেন এবং এ জন্য তাঁর রোস্টারও রয়েছে বলে জানান তিনি।
জাফর বলেন, ‘আমি সহকারী বাবুর্চি, তবে আমাকে এখানে ওয়ার্ড বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সকালে এখানে ডিউটি করি, আমার রোস্টার আছে। আমাকে এখানে কাজ করতে বলা হয়েছে, তাই আমি কাজ করি।’
দুদক সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পাঠানো, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগে অর্থ আত্মসাৎ এবং সরকারি ওষুধ বাইরে বিক্রিসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ বলেন, হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানি, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো, আউটসোর্সিং নিয়োগে অনিয়ম এবং ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
তিনি আরও বলেন, এসব অভিযোগের বিষয়ে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
১১১ বার পড়া হয়েছে