সিলেটে ১৯ বছর পর শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় ঘটনার ১৯ বছর পর সুমেল খা (৪১) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেটে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খা নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার প্রায় ১৯ বছর পর মঙ্গলবার দুপুরে সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোস্তাক আহমদ এ তথ্য জানিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত সুমেল খা (৪১) সিলেটের বালাগঞ্জ উপজেলার গোপকান গ্রামের তইমুজ খার ছেলে। ঘটনার সময় তাঁর বয়স ছিল ২২ বছর।
মামলার এজাহারের বরাত দিয়ে পিপি মোস্তাক আহমদ বলেন, ২০০৭ সালের ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় পরদিন, ৬ নভেম্বর, শিশুটির চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
পিপি জানান, আদালত সুমেল খাকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ে বলা হয়েছে, জরিমানার পুরো অর্থ ভুক্তভোগী ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আসামি অর্থ পরিশোধ না করলে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ওই অর্থ আদায়ের জন্য সিলেটের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরও জানান, বর্তমানে আসামির সম্পদ থেকে জরিমানার অর্থ আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে তাঁর অর্জিত সম্পদ থেকেও তা আদায় করা যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
১১৫ বার পড়া হয়েছে