নড়াইলে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলায় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা ও নদীর মৎস্যসম্পদ রক্ষায় নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে আটটি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৬ হাজার মিটার।
সোমবার (১২ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় উপজেলার নবগঙ্গা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা এবং মাছের প্রজননের উপযুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ অভিযান চালানো হয়। অভিযানে নবগঙ্গা নদীর বিভিন্ন স্থান থেকে আটটি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযান শেষে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের উপস্থিতিতে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উদ্ধার করা মাছ স্থানীয় একটি এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা জরুরি। অবৈধ কারেন্ট জালের ব্যবহার মা ইলিশের পাশাপাশি নদীর অন্যান্য প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তারের জন্যও ক্ষতিকর।
তিনি আরও বলেন, নদীর জীববৈচিত্র্য রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান সফল করতে জেলেসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
১৩১ বার পড়া হয়েছে