চাঁপাইনবাবগঞ্জে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, গ্রেপ্তার ৭ জনের কারাদণ্ড
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং দমন ও মাদক প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে রোববার সন্ধ্যায় একযোগে বিভিন্ন থানা এলাকায় এই বিশেষ মহড়া ও অভিযান চালানো হয়। ডিবিসহ সংশ্লিষ্ট সকল থানার সদস্যরা এতে সরাসরি অংশ নেন।
অভিযানকালে সদর মডেল থানা এলাকা থেকে মাদক সেবনের অপরাধে সাতজনকে হাতেনাতে আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও উদীয়মান কিশোর অপরাধ দমনে এ পদক্ষেপ নেওয়া হয় বলে জানায় পুলিশ।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
১৩৫ বার পড়া হয়েছে