সর্বশেষ

আন্তর্জাতিক

রাহুলের পদযাত্রা ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, বন্ধ মেট্রো স্টেশন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক ও অনিয়মের অভিযোগের প্রতিবাদে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার (১২ অক্টোবর) টানা তৃতীয় দিনের মতো দিল্লিতে হাজারো পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলতি মাসে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছেন বিরোধী দল ও আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিকভাবে লাভবান হবে।

বিক্ষোভকারীদের কর্মসূচি ঘিরে দিল্লির বিভিন্ন স্থানে ধাতব ব্যারিকেড বসানো হয়েছে। এর আগে বিক্ষোভ থেকে হাজারো মানুষকে আটক করেছে পুলিশ। বিক্ষোভ করতে গেলে সিপিআই(এম) সমর্থকদেরও বাধা দেওয়া হয়েছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের নির্বাচন পরিচালনাকারী সংস্থা ইলেকশন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই) ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, বিরোধী নেতাদের অভিযোগ, গণহারে আটকের মাধ্যমে আন্দোলন ও ভিন্নমত দমনের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-এর সংসদ সদস্য জন ব্রিটাস অভিযোগ করেছেন, রোববারের বিক্ষোভ চলাকালে পুলিশ তাঁর সঙ্গে ধস্তাধস্তি করেছে এবং তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে গেছে।

জন ব্রিটাস বলেন, ‘এটি কেবল একজন সংসদ সদস্যের ওপর হামলা নয়; এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও আইনের শাসনের ওপরও আঘাত।’

বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিকও আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের দাবি, তাঁরা নিজেদের প্রেস কার্ড স্পষ্টভাবে প্রদর্শন করার পরও পুলিশ তাঁদের আটক করে।

আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় অন্তত ১৬ জন সাংবাদিককে ‘নিষ্ঠুরভাবে’ আটক করা হয়েছিল।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনার সংবাদ সংগ্রহ কোনো অপরাধ নয়। এটি তাদের পেশাগত দায়িত্ব। সংবাদমাধ্যমের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ অগ্রহণযোগ্য।’

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে আরও জোরালো করতে সোমবার সমর্থকদের সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, ‘যত খুশি পুলিশ নিয়ে আসুন—১০ হাজার, ২০ হাজার, ৪০ হাজার—নিয়ে আসুন। প্রয়োজনে বিজেপি-আরএসএসের যত গুন্ডা দরকার, তাদেরও ডাকুন। আমরা ভয় পাওয়ার পাত্র নই। আমরা পিছু হটার লোক নই। এই লড়াই এখন থামবে না!’

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিপিআই(এম)-এর নেতা ও সমর্থকেরা।

ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে বিরোধী দল, ছাত্রসংগঠন ও বিভিন্ন আন্দোলনকারীর অংশগ্রহণে গড়ে ওঠা এই প্রতিবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের শাসনামলে তাঁর জন্য অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের ফলে ১৩ কোটি ৩০ লাখের বেশি নাম বাদ পড়েছে। সমালোচকদের অভিযোগ, এই প্রক্রিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলিমরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তবে নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে একই ব্যক্তির একাধিক নাম, মৃত ব্যক্তিদের নাম এবং ভুয়া বা জালিয়াতিপূর্ণ তথ্য বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই সংশোধন করা হয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০