রিকশাচালক আল আমিন হত্যা: সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৫:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে চাঞ্চল্যকর রিকশাচালক আল আমিন গুম ও হত্যা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আল আমিন নিখোঁজ হওয়ার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকায় সাবেক এই সংসদ সদস্যের নিজ বাসভবনে অভিযান চালানো হয়। সেখান থেকেই সোমবার রাতে নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ।
পরদিন মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে আসামিকে পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন স্থানীয় রিকশাচালক আল আমিন। ওই দিন থেকেই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরবর্তীতে তার কোনো সন্ধান মেলেনি।
এই ঘটনার প্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর আল আমিনের বাবা মনু মিয়া বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি গুম ও হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
১২৮ বার পড়া হয়েছে