নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর মহাদেবপুরে একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মন নামের এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রী গুরুতর আহত হয়েছেন, যার অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকালে উপজেলার নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কের মদিনা পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নীরেন চন্দ্র বর্মন (৪৮) উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রীর নাম পরেশ চন্দ্র বর্মন (৫৮)। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ভ্যানচালক নীরেন চন্দ্র বর্মন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা নজিপুরগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক নীরেন চন্দ্রকে মৃত ঘোষণা করেন। অপর আহত পরেশ চন্দ্রের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে রাজশাহীতে স্থানান্তর করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে পালিয়ে গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে