বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৮:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে শিক্ষকদের অধিকার ও পেশাগত মর্যাদা সুরক্ষার আহ্বান জানানো হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্বর থেকে একটি দৃষ্টিনন্দন র্যালি বের করা হয়। র্যালিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি শহীদ টিটু মিলনায়তনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শহীদ টিটু মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের শিক্ষক দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— 'শিক্ষকের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর।' সভায় বক্তারা শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং নিরাপদ কর্মপরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
১৩৩ বার পড়া হয়েছে