বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুনির্দিষ্ট নীতিমালা চান প্রধানমন্ত্রী
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৩:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রস্তাব বিচ্ছিন্নভাবে না এনে এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নীতিমালায় নির্ধারিত শর্ত ও মানদণ্ড পূরণ করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরবর্তী সময়ে জাতীয়করণের জন্য বিবেচিত হবে।
গত ১ অক্টোবর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। রোববার (৪ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে বিচ্ছিন্নভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রস্তাব আসছিল। একের পর এক প্রতিষ্ঠান জাতীয়করণের এমন প্রস্তাব প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন।
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, জাতীয়করণের ক্ষেত্রে কোন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে, কী কী শর্ত পূরণ করতে হবে এবং কোন মানদণ্ডের ভিত্তিতে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে—এসব বিষয় নীতিমালায় স্পষ্ট করা হবে।
তিনি বলেন, সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হলে ভবিষ্যতে ইচ্ছেমতো বা বিচ্ছিন্নভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সুযোগ থাকবে না। নীতিমালায় নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলোই জাতীয়করণের জন্য বিবেচিত হবে। এর ফলে প্রতিষ্ঠান বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জাতীয়করণের প্রস্তাব যাচাই-বাছাই করাও সহজ হবে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৯২ হাজার ৩৯২টি। এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ২৬ হাজার ৫৮০টি এবং নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান ৬৬ হাজার ২৮৭টি।
১১২ বার পড়া হয়েছে