কুয়াকাটায় জমকালো বীচ কার্নিভাল: ৯ বছর পর মেতে উঠবে সাগরকন্যা
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ৯ বছর পর সাগরকন্যা কুয়াকাটায় আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো 'কুয়াকাটা বীচ কার্নিভাল ২০২৬'। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবের লক্ষ্য বিশ্বের দরবারে কুয়াকাটার অপরূপ পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরা। পর্যটকদের আকৃষ্ট করতে এই দুই দিনব্যাপী উৎসবে মেতে উঠবে পুরো সৈকত এলাকা।
সাগরকন্যা কুয়াকাটার পর্যটন খাতকে আরও চাঙ্গা করতে এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে এর আকর্ষণ বাড়াতে জোর প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি পর্যটন হলিডে হোমসের সেমিনার কক্ষে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামানের সভাপতিত্বে এ সভায় স্থানীয় অংশীজনরা অংশ নেন।
এবারের বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের বরিশাল বিভাগীয় ডিআইজি অনির্বাণ চাকমা এবং জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৩ ও ২৪ অক্টোবরের এই কার্নিভালকে ঘিরে সৈকত ও তৎসংলগ্ন এলাকায় ব্যাপক পরিচ্ছন্নতা ও দৃষ্টিনন্দন সাজসজ্জার উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবকে প্রাণবন্ত করতে দুই দিনব্যাপী কর্মসূচিতে যুক্ত করা হয়েছে নানা রোমাঞ্চকর আয়োজন।
কার্নিভালের মূল আকর্ষণের মধ্যে থাকছে বিচ ক্যাম্পিং, বিচ ফুটবল, আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া গ্রামীণ ঐতিহ্যবাহী পুঁথি পাঠ, লোকজ উৎসব ও প্রি-ইভেন্টসহ স্থানীয় ঐতিহ্যবাহী খাবার ও পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা থাকবে বলে নিশ্চিত করেছে আয়োজক কমিটি।
১০৮ বার পড়া হয়েছে