দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮, কারাগারে ১৬
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ চিরুনি অভিযানে মাদক, জুয়া ও বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আমদানিনিষিদ্ধ পণ্যসহ ১৮টি মোটরসাইকেল জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি তল্লাশি চালানো হয়। রোববার দুপুর পর্যন্ত চলা অভিযানে ১৮ জনকে আটক করা হলেও পরবর্তীতে দুই জনের ওয়ারেন্ট রিকল হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানকালে পুলিশ ৫০০ গ্রাম গাঁজা, ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ছয় বোতল ফেন্সিডিল জাতীয় স্কাব কফ সিরাপ এবং ৫৪০ প্যাকেট ভারতীয় আমদানিনিষিদ্ধ পাতার বিড়ি উদ্ধার করে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৮টি নিবন্ধনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছে। জুয়া খেলার অপরাধে সাতজন, মাদক সেবনের দায়ে দুইজন এবং আদালতের পরোয়ানাভুক্ত আরও ছয় আসামিকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এদের মধ্যে মরিচা ইউনিয়নের কুখ্যাত কাকন বাহিনীর সক্রিয় সদস্য মো. টুয়েলও রয়েছেন, যার বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এই বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। আটক ১৬ আসামিকে ইতোমধ্যে কুষ্টিয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে