ইলিশ রক্ষা অভিযান: মুন্সীগঞ্জে ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মুন্সীগঞ্জসহ দেশের ২০টি জেলায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা টাস্কফোর্স কমিটির এক সভায় এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়। এ সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় ১০২ মেট্রিক টনের বেশি ভিজিএফ চাল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফীর সভাপতিত্বে আয়োজিত সভায় নিষিদ্ধ সময়ে ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করলে অপরাধীকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার ৪ হাজার ১০৩টি জেলে পরিবারের জন্য পরিবারপ্রতি ২৫ কেজি হারে মোট ১০২.৫৭৫ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারদের সরাসরি তদারকিতে শিগগিরই এই চাল বিতরণ সম্পন্ন হবে বলে সভায় জানানো হয়।
সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ কারেন্ট জাল উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে সংশ্লিষ্ট কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে নৌপথ, সড়কপথ, হাট-বাজার ও আড়তগুলোতে নিয়মিত প্রচার কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান এবং মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন। জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় অংশ নেন।
১২০ বার পড়া হয়েছে